back to top

বাঁশখালীতে ড্যাম্পার-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত কয়েকজন

প্রকাশিত: ০১ জুন, ২০২৬ ১১:২১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনছুরিয়া বাজার গরুরবাজার সংলগ্ন এলাকায় মাছবাহী একটি ড্যাম্পার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ নিহত হয়েছেন বাংলাদেশ ছাত্রসেনা মহেশখালী উপজেলার দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আবু সরওয়ার (৩৪)।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে একই দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রী বাহাদুর আলম (২৮) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত আবু সরওয়ার কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবুল বশরের ছেলে।

তিনি বাংলাদেশ ছাত্রসেনা মহেশখালী উপজেলার দক্ষিণ শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ড্যাম্পার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রথমে একজন নিহত হন।

পরে গুরুতর আহত আবু সরওয়ারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, ছাত্রসেনা নেতা মোহাম্মদ আবু সরওয়ারের অকাল মৃত্যুতে মহেশখালীসহ সংশ্লিষ্ট মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।