চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা এলাকায় ফারজানা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) বেলা আনুমানিক ১২টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফারজানা দুই সন্তানের জননী এবং স্থানীয় মো. রিদুওয়ানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ঢেমশা এলাকার ৪নং ওয়ার্ডের কানুমার বাড়িতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন ফারজানা।
বুধবার দুপুরে তিনি নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের দাবি, ফারজানা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
এ বিষয়ে তার চাচা আমানুল হক বলেন, “মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। আমরা অনেক চেষ্টা করেছি তাকে স্বাভাবিক রাখতে, কিন্তু আজ এই দুঃখজনক ঘটনা ঘটে গেল।”
নিহতের বাবার বাড়ি সাতকানিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াজার পাড়া এলাকায়। তার পিতা আবুল কাসেম এবং মাতা লায়লা বেগম।
ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে ফারজানার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

