চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে সদরঘাট থানাধীন ওই জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে একই দিন রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মো. আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান তার কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান।
পরবর্তীতে আসরের নামাজ শেষে কক্ষে ফিরে তিনি দেখতে পান, সেখানে রাখা টাকা নেই। বিষয়টি বুঝতে পেরে রাত সাড়ে ৯টার দিকে তিনি সদরঘাট থানায় লিখিত অভিযোগ করেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
এরপর পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে এবং চুরি হওয়া অর্থের বড় অংশ উদ্ধার করে।
তিনি আরও জানান, আটক আরিফের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা এবং সুমনের কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে আরিফকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে আটক করা হয়।

