back to top

চট্টগ্রামে এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারদের বিক্ষোভ, দাবি দ্রুত অপসারণ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৪:৩৬

চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ ঠিকাদারেরা।

রোববার (২১ জুন) সকালে নগরের মুরাদপুরে অবস্থিত এলজিইডি কার্যালয়ে জড়ো হন বিভিন্ন প্রকল্পের ঠিকাদার।

পরে তাঁরা দফায় দফায় বৈঠকে বসেন। তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় কার্যালয়ের নিচে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে অংশ নেওয়া ঠিকাদারেরা অভিযোগ করেন, প্রতি বছরের জুন মাসে অর্থবছর শেষ হওয়ার কারণে বিভিন্ন প্রকল্পের মেয়াদও শেষ হয়। অনেক প্রকল্পে জুন ও ডিসেম্বর মাসে অর্থ বরাদ্দ পাওয়া যায়।

এ ছাড়া নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে অতিরিক্ত ব্যয় বহন করে ধারদেনা করে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হয়।

তাঁদের দাবি, অর্থবছরের শেষ দিকে বিভিন্ন প্রকল্পের বিল পাওয়ার প্রত্যাশায় থাকলেও চট্টগ্রাম জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিল পরিশোধে বাধা সৃষ্টি করছেন।

তাঁর বিভিন্ন সিদ্ধান্ত ও নিয়মের কারণে ঠিকাদারেরা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

প্রতিবাদকারীরা আরও বলেন, ঠিকাদারেরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করেন।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁদের সঙ্গে প্রশাসনের একটি দূরত্ব তৈরি হয়েছে, যা উন্নয়ন কার্যক্রমের জন্যও ক্ষতিকর।

মানববন্ধন থেকে তাঁরা অবিলম্বে নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে চট্টগ্রাম থেকে অপসারণের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন আসাদুজ্জামান টিটু, সাইফুল আলম, জামমেদুল আলম, টিটু (শাহ জব্বর), মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ সুমন ও মৌলভী দিদারসহ অন্যরা।

তবে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।