back to top

মিরসরাইয়ে কার্ভাডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ী মোহাম্মদ আলীর

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ০৮:০৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে রাস্তা পার হওয়ার সময় কার্ভাডভ্যানের ধাক্কায় মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বারইয়ারহাট বাজারের গ্রিন টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার ২ নম্বর হিংগুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর এলাকার বাসিন্দা। তিনি বারইয়ারহাট বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে গ্রিন টাওয়ারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির কার্ভাডভ্যান মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন এবং বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুজ্জামান বলেন, কার্ভাডভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মরদেহের সুরতহাল প্রস্তুত এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি সড়কে বেপরোয়া যান চলাচল নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, ব্যস্ত বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।