চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলন্ত ট্রাকের ত্রিপল কেটে মালামাল চুরির চেষ্টা চলছিল ভোরের অন্ধকারে।
কিন্তু টহলরত হাইওয়ে পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় এক চোরকে। তবে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
আজ সোমবার (২৯ জুন) ভোর ৪টা ১০ মিনিটের দিকে পটিয়া হাইওয়ে থানার মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাসেল মিয়া (৩২)। তিনি পটিয়া থানার বারিগ্রাম এলাকার জিন্না মিয়ার ছেলে।
এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি অন-টেস্ট (On-Test) সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
পটিয়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ভোররাতে মনসা বাদামতল এলাকায় দায়িত্ব পালন করছিল পুলিশের একটি দল।
এ সময় কক্সবাজারগামী একটি মালবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২০-৯৬৩৮) পেছনে একটি অন-টেস্ট সিএনজি চালিত অটোরিকশা নিয়ে তিন ব্যক্তি অবস্থান নেয়।
অভিযোগ রয়েছে, তারা চলন্ত ট্রাকের পেছনের ত্রিপল কেটে মালামাল চুরি করার চেষ্টা করছিল।
বিষয়টি টহলরত পুলিশের নজরে এলে তাৎক্ষণিক ধাওয়া দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে রাসেল মিয়াকে সিএনজিসহ হাতেনাতে আটক করা হয়।
তবে তার অপর দুই সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পটিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাসেল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দ করা সিএনজি ও চুরির আলামতসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই সঙ্গে পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

