back to top

অস্ত্রের সন্দেহে আটক চার তরুণ, উদ্ধার হওয়া বস্তুটি আসলে গ্যাস লাইটার

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ০৬:৪৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার তরুণকে আটক করেছে পুলিশ।

তবে অভিযান শেষে উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, সেটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; বরং রিভলবারের আদলে তৈরি একটি শৌখিন গ্যাস লাইটার।

রোববার (২৮ জুন) বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক চারজন হলেন—মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) এবং মো. রুবেল হোসেন ওরফে হৃদয় (১৯)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

পুলিশ জানায়, আগ্নেয়াস্ত্র কেনাবেচার একটি গোপন তথ্য পাওয়ার পর পরিকল্পিতভাবে ক্রেতা সেজে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল।

সেখানে অভিযান চালিয়ে চার তরুণকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে রিভলবারের মতো দেখতে একটি ধাতব বস্তু উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া বস্তুটি আসলে চীনে তৈরি রিভলবার আকৃতির একটি পুনর্ব্যবহারযোগ্য গ্যাস লাইটার। এতে বিউটেন গ্যাস ভরে ব্যবহার করা যায়।

তবে এটি অস্ত্র হিসেবে প্রদর্শন করে কাউকে প্রতারণার উদ্দেশ্যে বিক্রির চেষ্টা করা হয়েছিল কি না, সে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, উদ্ধার হওয়া লাইটারটি দেখতে অনেকটা কোল্ট পাইথন ৩৫৭ ম্যাগনাম রিভলবারের আদলে তৈরি।

প্রথম দেখায় সাধারণ মানুষ তো বটেই, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও এটিকে আসল আগ্নেয়াস্ত্র বলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আটক চারজনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হচ্ছে।

উদ্ধার হওয়া লাইটারটি অবৈধভাবে অস্ত্র হিসেবে প্রদর্শন বা প্রতারণামূলক কাজে ব্যবহারের কোনো পরিকল্পনা ছিল কি না, তা নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।