চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি ভাড়া বাসায় শুক্রবার ভোরে মো. জাবেদ (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, মৃত্যুকে ঘিরে স্বজনদের সন্দেহের কারণে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোল্লার বাপের বাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. জাবেদ শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা হাসেমের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. নাজেমের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বাসার একটি কক্ষে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জাবেদকে দেখতে পান স্বজনরা।
পরে তার বড় স্ত্রী, ভাই-বোন ও অন্যান্য আত্মীয়-স্বজন তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদের দুই স্ত্রী রয়েছে। তিনি উভয়ের সঙ্গেই সংসার করতেন। তবে ঘটনার রাতে তিনি ছোট স্ত্রী রিনা আক্তারের সঙ্গে ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত হতে চাইছে না তদন্ত-সংশ্লিষ্টরা।
এদিকে জাবেদের বড় স্ত্রী, ভাই-বোন ও অন্যান্য স্বজন এ মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের অভিযোগের বিষয়টিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

