back to top

বাড়ির পাশের পুকুরেই মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১১:১০

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই দিন ধরে নিখোঁজ থাকা মো. ইলিয়াস (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদ এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

নিহত মো. ইলিয়াস ছৈয়দাবাদ এলাকার মৃত মোকলেছুর রহমান ও মৃত মোসলেমা খাতুনের ছেলে। তিনি ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জুন দিবাগত রাত থেকে ইলিয়াস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

অবশেষে সোমবার সকালে বাড়ির পাশের রাস্তা-সংলগ্ন ফুলন বাবুর কচুরিপানায় আচ্ছাদিত পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে এগিয়ে যান।

পরে সেটি মো. ইলিয়াসের মরদেহ বলে শনাক্ত করা হয়। এরপর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

খবর পেয়ে সকাল আনুমানিক ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া-লোহাগাড়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং সাতকানিয়া থানার এসআই রোমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মো. ইলিয়াস দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, তিনি প্রায়ই মদ্যপ অবস্থায় বিভিন্ন রাস্তার পাশে পড়ে থাকতেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিতেন।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, মদ্যপ অবস্থায় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।