উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে।
এ দুর্যোগে আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৬৬ জন। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকায় ৮৬ হাজার ১১৭টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে।
একই সঙ্গে ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাবে দেখা গেছে, মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে আন্তর্জাতিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী মাঠে কাজ করছেন।
পাশাপাশি কারাকাস সরকার প্রায় ৩০ হাজার কর্মীকে ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযানে মোতায়েন করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
৭.৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। অন্যদিকে ৭.২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সান ফিলিপের ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে।
উদ্ধার অভিযান চলমান থাকায় ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের আশা এখনো ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। সূত্র: আনাদলু এজেন্সি

