চমেক হাসপাতাল থেকে অপহৃত হওয়ার পর উৎকণ্ঠায় কেটেছে পরিবারের প্রতিটি মুহূর্ত। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে মাত্র ১৫ দিন বয়সী কন্যাশিশু নাজেহাদ। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন ‘এক কিলোমিটার’ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পাঁচলাইশ থানা পুলিশ।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে নবজাতক অপহরণের ঘটনায় পাঁচলাইশ থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অপহৃত শিশু নাজেহাদকে (১৫ দিন বয়স) সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
একই সঙ্গে শিশু অপহরণ এবং নিজেদের হেফাজতে রাখার অভিযোগে নোয়াখালীর হাতিয়া এলাকার আলা উদ্দিনের মেয়ে নাছিমা বেগম (২৫) এবং তার স্বামী বাঁশখালী উপজেলার মফিজুর রহমানের ছেলে বোরহান উদ্দীন (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পাশাপাশি অপহরণের ঘটনার পেছনের কারণ এবং অন্য কোনো ব্যক্তি জড়িত ছিল কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে নাজেহাদের পরিবার।
পরিবারের সদস্যদের কাছে শিশুটিকে নিরাপদে ফিরিয়ে দিতে পারায় স্বস্তির কথা জানিয়েছে পুলিশও।
