কোটি টাকার আক্রোশে ডিজিটাল ডটনেটে সশস্ত্র হামলা

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৮:৪৩

চট্টগ্রাম নগরীর চকবাজারের চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডটনেট’ এর কার্যালয়ে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঘটনার নেপথ্যে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার ভোরে প্রায় ৪০ জন মুখোশধারী (মাস্ক পরিহিত) সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে ডিজিটাল ডটনেট এর কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গেছে।

হামলাকারীরা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভেঙে ফেলে। এতে প্রতিষ্ঠানটির লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার সময় কর্মীদের হুমকি দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিশ্বস্ত একটি সূত্রের দাবি, ঘটনার নেপথ্যে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। দাবিকৃত অর্থ না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন। তারা ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ডিজিটাল ডটনেট কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এদিকে হামলার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং চাঁদা দাবির অভিযোগের সত্যতা-সবকিছুই তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।