টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম দুর্ভোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে চট্টগ্রামে আন্দোলন আরও তীব্র হয়েছে।
চলমান কর্মসূচির অংশ হিসেবে এবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটক (গেট) খুলে নিয়ে গেছেন বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শতাধিক পরীক্ষার্থী।
একপর্যায়ে আন্দোলনকারীরা বোর্ডের প্রধান ফটক খুলে ফেলেন। পরে সেটি মাথায় বহন করে নিয়ে যান তারা। এ সময় পুরো এলাকা নানা স্লোগানে মুখর হয়ে ওঠে।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
একই সঙ্গে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরীক্ষা স্থগিতের দাবিতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
পরীক্ষার্থীদের অভিযোগ, কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় অনেক এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হলেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
এই পরিস্থিতিতে পরীক্ষা পেছানোর পরিবর্তে তা বহাল রাখার সিদ্ধান্তের প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।
শিক্ষা বোর্ডের সামনে ফটক খুলে নেওয়ার ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ছবি ও ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে আন্দোলন ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
