নিভে গেল অসমীয়া সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৪:৪৮

অসমীয়া চলচ্চিত্রাঙ্গনের প্রবীণ অভিনেত্রী পূরবী শর্মা আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় গুয়াহাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর মৃত্যুতে অসমীয়া চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এর প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হন পূরবী শর্মা। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে তাঁর মরদেহ গুয়াহাটির শান্তিপুরে নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাবেন।

অসমীয়া চলচ্চিত্রের পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন পূরবী শর্মা। অভিনয়ের স্বাভাবিকতা, সংযত অভিব্যক্তি এবং চরিত্রের গভীরে প্রবেশ করার দক্ষতায় তিনি কয়েক দশক ধরে দর্শকের ভালোবাসা অর্জন করেছিলেন।

‘আজলি নবৌ’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তাঁর। অভিনয়জীবনের শুরুর দিকেই ‘রাগিণী’ চলচ্চিত্র জাতীয় পুরস্কার অর্জন করলে তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হয়।

পরবর্তী সময়ে ‘পরভাত’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি অসমীয়া সিনেমায় নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন।

শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। ‘গেটওয়ে’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। চলচ্চিত্র ও টেলিভিশন-উভয় মাধ্যমেই তাঁর উপস্থিতি একাধিক প্রজন্মের দর্শকের মনে স্থায়ী ছাপ রেখে গেছে।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি প্রখ্যাত অভিনেতা কুলদা কুমার ভট্টাচার্য-এর মতো শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করেছেন।

অভিনয়ের পাশাপাশি অসমীয়া চলচ্চিত্রশিল্পের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অসমীয়া’ এবং ‘প্রাগ সিনে অ্যাওয়ার্ডস’ এর মতো আয়োজনে তাঁর সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।

তরুণ দর্শকদের কাছেও তিনি নতুন করে পরিচিতি পান প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গ-এর সঙ্গে ‘জুয়া বোসোরে’ শিরোনামের একটি রোমান্টিক মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে।

ব্যক্তিগত জীবনে পূরবী শর্মা ছিলেন প্রখ্যাত অভিনেতা, লেখক ও নির্মাতা তপন দাস এর সহধর্মিণী।

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দেওয়া এই শিল্পীর মৃত্যু অসমীয়া চলচ্চিত্রাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তাঁর অভিনয়, নিষ্ঠা এবং শিল্পের প্রতি নিবেদন দর্শকের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে।