চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে অন্তত ১০ শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার (আজ) বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শ্রমিকেরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকাকালীন হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও সহকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দগ্ধ শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
দগ্ধ শ্রমিকেরা হলেন-বোয়ালখালীর ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার পোমরা এলাকার উজ্জ্বল দাশ (৫৩), চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকার মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার চুনতীর সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মোহাম্মদপুর এলাকার জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকার জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর চর খিজিরপুর এলাকার নূর নবী (২৫), পটিয়ার হোলাইন এলাকার মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার শান্তিহাট এলাকার মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের কাঞ্চননগর এলাকার সেলিম উদ্দিন (৩০)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন জানান, কারখানায় আগুন লাগার ঘটনায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর।
এদিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়।
আগুনের পাশে কাগজের স্তূপ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকজন শ্রমিক আহত হন। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
