বিলাইছড়ি থেকে ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ ওয়ার্ড বিএনপি নেতা

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৪:৫০

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা থেকে নৌপথে বাড়ি ফেরার সময় কাপ্তাই হ্রদে নিখোঁজ হয়েছেন স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ও মৌসুমি ফল ব্যবসায়ী মো. মাসুদ (৫০)।

শনিবার কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হন। তিনি কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা এবং পেশায় মৌসুমি ফল ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মো. মাসুদ বিলাইছড়ির ফারুয়া বাজার থেকে বিভিন্ন মৌসুমি ফল ও কাঁচামাল সংগ্রহ করে ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাই জেটিঘাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন। তবে নির্ধারিত সময়ে তিনি গন্তব্যে পৌঁছাননি।

পরে স্থানীয়রা রাইংখ্যং বাজারসংলগ্ন এলাকায় মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি পড়ে থাকতে দেখেন। কিন্তু নৌকায় মাসুদকে না পেয়ে তিনি কাপ্তাই হ্রদে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হয়।

বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দ্রুত শুরু হয় উদ্ধার তৎপরতা।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ বলেন, আমরা দেরিতে খবর পাওয়ার পর কাপ্তাই নৌবাহিনীকে ঘটনাটি জানাই। পরে ডুবুরি দল এসে ওইদিন (শনিবার) সন্ধ্যা থেকে মাসুদের সন্ধানে কাপ্তাই হ্রদের পানিতে তল্লাশি অভিযান চালায়।

কিন্তু তার কোনো হদিস না পেয়ে রাত ১১টার দিকে তল্লাশি অভিযান আপাতত স্থগিত করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌবাহিনীর ডুবুরি দলের সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ মো. মাসুদের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের আশা, দ্রুত উদ্ধার অভিযান পুনরায় শুরু হলে নিখোঁজ মাসুদের সন্ধান মিলবে। এদিকে তার স্বজন ও সহকর্মীরা উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন।