সীতাকুণ্ডে রেললাইনে হাঁটতে গিয়ে উদয়ন এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৯:০৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড সদর রেল স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নিজাম উদ্দিন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের মো. আহাহামের ছেলে।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে সীতাকুণ্ড রেল স্টেশনের কাছাকাছি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিজাম উদ্দিন।

এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন।