দীর্ঘদিন আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না। ১৩ বছরের কারাদণ্ড এবং ৮-৮টি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরে বেড়ানো বহু আলোচিত এক পলাতক আসামিকে অবশেষে জালে তুলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বনানী আবাসিক এলাকা থেকে মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আফতাব উদ্দিন (৫২)। তিনি ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ৮টায় বায়েজিদ বোস্তামী থানার বনানী আবাসিক এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে র্যাব-৭-এর একটি দল।
অভিযানের খবর টের পেয়ে পালানোর চেষ্টা করলেও র্যাবের চৌকস সদস্যদের তৎপরতায় বায়েজিদের আস্তানা থেকেই আফতাবকে হাতকড়া পরানো হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আফতাব উদ্দিনের বিরুদ্ধে আদালত কর্তৃক ১৩ বছরের সশ্রম কারাদণ্ড রয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে ৮টি আলাদা গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি ছিল।
তিনি আরও জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে পলাতক থাকা এই আসামির গ্রেপ্তারে ফটিকছড়ি ও বায়েজিদ এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
