চারিদিকে থৈ থৈ জল, তলিয়ে যাওয়া ভিটেমাটি আর বুকভাঙ্গা হাহাকার-প্রকৃতির তাণ্ডবে স্তব্ধ হয়ে যাওয়া এক জীবনচিত্র।
বানের জলে ভেসে যাওয়া চকরিয়া ও সাতকানিয়ার অসহায় মানুষগুলো যখন বেঁচে থাকার লড়াইয়ে দিশেহারা, ঠিক তখনই তাঁদের দ্বারে এসে পৌঁছালো এক চিলতে স্বস্তির পরশ।
সাদা অ্যাপ্রন আর চিকিৎসালয়ের চার দেয়াল পেরিয়ে আর্তমানবতার অনন্য এক বার্তা নিয়ে প্লাবিত জনপদে হাজির হলো পার্কভিউ হসপিটাল লিমিটেড।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অকৃত্রিম তাগিদ থেকে বন্যার্তদের মুখে হাসি ফোটাতে ‘ভালোবাসার উপহার’ নিয়ে ছুটে গেছেন প্রতিষ্ঠানটির সদস্যরা।
দুর্গম পথ পেরিয়ে সেবার হাত
সম্প্রতি চকরিয়া উপজেলার পহরচাঁদা, সরদার পাড়া ও দক্ষিণ পাড়া এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হয় এই মানবিক সাহায্য।
দুর্গত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া ত্রাণসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং জরুরি ব্যবহার্য জিনিসপত্র, যা দুর্যোগের এই দিনে তাঁদের বেঁচে থাকার লড়াইকে কিছুটা সহজ করেছে।
চিকিৎসা দেওয়ার পাশাপাশি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এই মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হয়েছে একটি সুসংগঠিত দলের ভালোবাসায়।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম-এর অনুপ্রেরণাদায়ক দিকনির্দেশনা এবং পার্কভিউ ম্যানেজিং কমিটির সর্বসম্মত অনুমোদনে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
পরবর্তীতে মার্কেটিং বিভাগের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে ও আন্তরিকতার সঙ্গে অংশ নিয়ে পুরো কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করেন।
ত্রাণ তুলে দেওয়ার মুহূর্তে দুর্গতদের চোখের স্বস্তি ও মুখে ফুটে ওঠা সামান্য হাঁসিই আয়োজকদের জন্য হয়ে ওঠে সবচেয়ে বড় প্রাপ্তি।
সংকটে থাকা এসব মানুষের পাশে দাঁড়ানো প্রসঙ্গে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, মানুষের সেবাই পার্কভিউ হসপিটাল লিমিটেডের মূল দর্শন।
দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আরও স্পষ্ট করেন যে, পার্কভিউ হসপিটাল লিমিটেড দৃঢ়ভাবে বিশ্বাস করে-মানুষের ক্রান্তিকালে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া কোনো বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, বরং মানবতার প্রতি এক গভীর অঙ্গীকার।
পার্কভিউ হসপিটাল দীর্ঘদিন ধরে দেশের মানুষকে বিশ্বমানের উন্নত স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে কেবল আধুনিক চিকিৎসা সেবা দেওয়াতেই নিজেদের কাজ শেষ মনে করে না প্রতিষ্ঠানটি।
তারা বিশ্বাস করে, সুস্থ সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও মানবিক সংহতি সমান জরুরি।
সেই চেতনা থেকেই স্বাস্থ্যসেবার পাশাপাশি দুর্যোগকালীন সহায়তা ও নানা জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করে আসছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।
