চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন লিংক রোডে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ শাহিন ইসলাম (১৮) ও মোহাম্মদ আতিকুর রহমান (২২) নামে দুই তরুণ নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনিক (২১)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গার লিংক রোডের মুসলিমাবাদ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে তারা পতেঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পতেঙ্গা থানার এসআই আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ শাহিন ইসলাম ও মোহাম্মদ আতিকুর রহমানকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শাহিন ও আতিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। বর্তমানে তাঁদের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা উপস্থিত রয়েছেন।
আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোহাম্মদ শাহিন ইসলামের বাবার নাম আবু সিদ্দিক। তাঁর বাড়ি উত্তর পতেঙ্গার ওয়াসা গলির হোসেন আহম্মদ পাড়ায়।
নিহত মোহাম্মদ আতিকুর রহমানের বাবার নাম মো. আবদুর রহমান। তাঁর বাড়ি পতেঙ্গার হাজি আলা মিয়া বাড়িতে।
অন্যদিকে, গুরুতর আহত আনিক চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক তথ্যটি নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
