পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই গোলাম সরওয়ার খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
পুলিশের ভাষ্য, বড় সাজ্জাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সরওয়ার চট্টগ্রাম ও ঢাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সক্রিয় ছিলেন। এবার ওমানে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবির একটি দল গোলাম সরওয়ার খানকে গ্রেপ্তার করে।
শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোলাম সরওয়ার খান মিয়ানমারের নাগরিক পরিচয়ে জাল নথিপত্র তৈরি করেছিলেন। এমনকি মিয়ানমারের নাগরিকত্ব দেখিয়ে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেন তিনি।
ওমানে যাওয়ার উদ্দেশ্যে শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সরওয়ার। তবে বিমানবন্দরে তিনি বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় তার পরিচয় ও যাত্রার উদ্দেশ্য নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।
এরপর বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকায় ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার গোলাম সরওয়ার খান পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী ও ঘনিষ্ঠ হিসেবে ঢাকাসহ চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
চট্টগ্রামে সংঘটিত একাধিক ঘটনায়ও তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিএমপি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত রক্ষা হয়নি গোলাম সরওয়ার খানের। ওমানে যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ডিবির হাতে গ্রেপ্তার হন তিনি।
