পদুয়া হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচে চরম্বাকে হারিয়ে জয়ী পদুয়া

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২২:২৭

রায়হান সিকদার, লোহাগাড়া :

চট্টগ্রামের লোহাগাড়ায় এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে চরম্বা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে পদুয়া ফুটবল একাদশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঐতিহ্যবাহী পদুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের রোমাঞ্চিত করে তোলে। তবে প্রথমার্ধের একপর্যায়ে চমৎকার এক সুযোগ কাজে লাগিয়ে পদুয়া ফুটবল একাদশের স্ট্রাইকার ম্যাচের একমাত্র গোলটি নিশ্চিত করেন। পিছিয়ে পড়ে চরম্বা ফুটবল একাদশ সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালালেও পদুয়ার শক্ত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পদুয়া।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছলিম উদ্দিন খোকন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফৌজুল কবির ফজলু।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, বিএনপি নেতা আবুল হাসেম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুল ইসলাম সিকদার, কাজী জসিম উদ্দিন, বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস. এম. চিশতি, সহ-সভাপতি সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. জাকারিয়া এবং চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রণজয় মিত্র।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি উপভোগ করতে স্থানীয় হাজারো ক্রীড়ামোদী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাঠজুড়ে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।