চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগতির বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত মো. তামিম (২৫) ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।
শনিবার রাত ১১টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মো. তামিম নিজ বাড়ি ফটিকছড়ির রাঙ্গামাটিয়া এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারীর ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন।
যাত্রাপথে মনিয়াপুকুর পাড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী তামিম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান বলেন, রাত সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে।
একটি স্বাভাবিক রাতের যাত্রা মুহূর্তেই পরিণত হয় মর্মান্তিক ঘটনায়। এ ঘটনায় তামিমের স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
