চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, রান্নাঘরজুড়ে বিভিন্ন আকারের তেলাপোকার উপদ্রব এবং খাবারে খোলা লবণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে চেরাগি মোড়ের ‘চেরাগি রেস্তোরাঁ’য় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানে রেস্তোরাঁর রান্নাঘরে প্রবেশের পরই বেরিয়ে আসে খাবার প্রস্তুতের পরিবেশের ভয়াবহ চিত্র।
রান্নাঘরের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি রান্নাঘরের আনাচে-কানাচে কিলবিল করছিল বিভিন্ন আকারের তেলাপোকা।
শুধু রান্নাঘরের অপরিচ্ছন্নতাই নয়, খাবার তৈরিতেও মানা হচ্ছিল না স্বাস্থ্যসম্মত নিয়ম। অভিযানে দেখা যায়, নিয়ম অমান্য করে খাবারে ব্যবহার করা হচ্ছিল খোলা লবণ।
অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, রেস্তোরাঁটির বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর আগেও তিনবার হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।
বারবার সতর্ক করার পরও রেস্তোরাঁ কর্তৃপক্ষ নিজেদের পরিবেশ ও খাদ্য প্রস্তুতের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনেনি।
তিনি বলেন, এর আগেও তিনবার এই হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। কিন্তু বারবার সতর্ক করার পরও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে পুরো রান্নাঘরে নোংরার স্তূপ জমে গেছে। মানুষের জন্য প্রস্তুত করা খাবার এত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিযান শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত করা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে রেস্তোরাঁর মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
