নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিয়ে বাড়ির পথে ফিরছিলেন দুই ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না।
বাড়ি ফেরার পথেই দ্রুতগতির একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুজনই।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।
পড়াশোনার পাশাপাশি তাঁরা আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।
স্বজনদের ভাষ্য, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন একটি মোটরসাইকেল কেনেন শুভ ও ওমর। ঘনিষ্ঠ এই দুই বন্ধু নতুন মোটরসাইকেলটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।
রাত সাড়ে ১০টার দিকে তাঁরা বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তালাত মাহমুদ শুভ। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন বলেন, শুভ ও ওমর ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।
নতুন মোটরসাইকেল কিনতে শুক্রবার তাঁরা একসঙ্গে বারৈয়ারহাটে গিয়েছিলেন। মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর নিহত দুজনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
