চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াইয়ে যুক্ত হতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন এক বিদেশি আইনজীবী। তার নাম গ্রায়েম এল. হল।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
তিনি বলেন, আমার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে এ আবেদন করেছেন।
জানা গেছে, এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন গ্রায়েম এল. হল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার অনুমতি চেয়ে করা ওই আবেদনে তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধানের কথা উল্লেখ করেন।
আবেদনে গ্রায়েম এল. হল বলেন, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে তাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক।
অর্থাৎ, মামলায় ইতোমধ্যে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের সঙ্গে সমন্বয় করে সালমান এফ রহমানের পক্ষে আইনি কার্যক্রমে অংশ নিতে চান তিনি।
বিদেশি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিতির অনুমতি চেয়ে করা আবেদনের সঙ্গে গ্রায়েম এল. হল তার পেশাগত প্রোফাইল এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করেছেন।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবীর এ আবেদন নতুন মাত্রা যোগ করেছে।
এখন বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তের পরই স্পষ্ট হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে গ্রায়েম এল. হল বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত হওয়ার অনুমতি পান কি না।
