কর্ণফুলীতে ৪৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় শফিকুলকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫১

চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. শফিকুল ইসলাম (৪৬) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম কুষ্টিয়া সদর থানার শালদহ পশ্চিমপাড়া এলাকার আফি শেখের বাড়ির আব্দুল শেখের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ জুলাই কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় এলাকায় কর্ণফুলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. শফিকুল ইসলামকে ৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মামলাটিতে ২০২১ সালের ৭ ডিসেম্বর আদালত শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালে মামলার আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বুধবার আদালত মো. শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।