চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে দাঁতের চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশন।
আগামী ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ডেন্টাল ক্যাম্পের আয়োজন, চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি দাঁতের যত্ন ও মুখের স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়।
সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. নছরুল কদির, ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আকতার উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির, শিল্পী ও সাংবাদিক আজিজুল কদির, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার সুকান্ত সরকার, ইউনিলিভারের সায়েন্টিফিক এক্সিকিউটিভ মোহাম্মদ ওয়াজেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরফানুল হক তারেক সভায় অংশ নেন।
সভায় ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের দাঁতের চিকিৎসা দেওয়া নয়, একই সঙ্গে তাঁদের মধ্যে নিয়মিত দাঁতের যত্ন ও মুখের স্বাস্থ্য সম্পর্কে দীর্ঘমেয়াদি সচেতনতা তৈরি করা।
তিনি বলেন, প্রতিদিন সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করা, দাঁতের জন্য ক্ষতিকর খাবার ও পানীয় সম্পর্কে জানা এবং নিয়মিত ডেন্টিস্টের পরামর্শ নেওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এসব অভ্যাস গড়ে তুলতে ফ্রি ডেন্টাল ক্যাম্প কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস. এম. নুরুল কদির আরও বলেন, ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশন মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে এই কার্যক্রমের জন্য বেছে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ক্যাম্পটি সফল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যাতে সহজেই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্রি ডেন্টাল ক্যাম্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ক্যাম্পের আয়োজন, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং চিকিৎসাসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দাঁতের চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিয়মিত মুখ ও দাঁতের যত্নের বিষয়ে সচেতনতা আরও বাড়বে।
একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।
