চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
নিহতরা হলেন-দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রী মোঃ ফেরদৌস আলম (৬২), মোরশেদ আলম (১৮), মিফতা (১৭) এবং চালক মুন্না (৩২)। তারা সবাই কক্সবাজার জেলার ঈদগাঁ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা মাইক্রোবাসযোগে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আমানত সেতু পার হয়ে আসা একটি কাভার্ডভ্যান শিকলবাহা কলেজ বাজার এলাকায় দ্রুতগতিতে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী মোঃ ফেরদৌস আলম ও মিফতার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মুন্নাসহ অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে পরে মুন্নারও মৃত্যু হয়।
একই ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও কয়েকজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ঘটনার প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
