চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটির আনুমানিক বয়স ৪২ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে স্থানীয় লোকজন ডোবার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। মুহূর্তেই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে লোকজন জড়ো হন।
পরে গাউছিয়া মানবিক সেবা, পটিয়া উপজেলা শাখার সচিব মাওলানা মোহাম্মদ ইছহাক আল কাদেরী ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
