পটিয়ায় সাবেক এমপির বাড়িতে ফের চুরি, এবারও ভাঙা হলো তালা-আলমারি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৬

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বাড়িতে আবারও চুরির ঘটনা ঘটেছে।

মাত্র ১৫ দিনের ব্যবধানে একই বাড়িতে দ্বিতীয়বার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে চট্টগ্রাম শহরে বসবাস করেন।

পটিয়ার বাড়িটিতে তাঁর ভাগিনা মো. আজাদ ও কেয়ারটেকার মো. লিটন থাকতেন।

তবে ঘটনার রাতে তাঁরা কেউই বাড়িতে ছিলেন না। এ সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের সরঞ্জাম, জামাকাপড়সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

নজরুল ইসলামের ভাগিনা সাইফুল ইসলাম বলেন, ঘরের তালা ভেঙে চোরেরা ভেতরে ঢুকে মূল্যবান মালামাল নিয়ে গেছে। এর আগে প্রায় ১৫ দিন আগেও একই ঘরে একইভাবে চুরি হয়েছিল।

একই বাড়িতে অল্প সময়ের ব্যবধানে দুইবার চুরির ঘটনায় বাড়িটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।