শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পর্যায়ের স্কাউট ইউনিট লিডারদের দিনব্যাপী “ইউনিট লিডার রিফ্রেশার্স কোর্স”।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ স্কাউটস, বোয়ালখালী উপজেলার আয়োজনে বোয়ালখালী উপজেলা পরিষদের উপজেলা মিলনায়তন (স্বাধীনতা কক্ষ) এ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
বাংলাদেশ স্কাউটস, বোয়ালখালী উপজেলার আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট ইউনিট লিডাররা এতে অংশ নেন।
স্কাউটিং কার্যক্রমকে শুধু নিয়মিত চর্চার মধ্যে সীমাবদ্ধ না রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তুলতে ইউনিট লিডারদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিত করাই ছিল এ রিফ্রেশার্স কোর্সের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস. এম. শাহনেওয়াজ আলী মির্জা, চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সাবেক সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলার কমিশনার মোহাম্মদ আলী, বাংলাদেশ স্কাউটস, বোয়ালখালী উপজেলার কমিশনার তাপস কুমার ঘোষ এবং সহ-সভাপতি কামরুল হাসান।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, স্কাউট আন্দোলনের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা নয়, বরং তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলা। আর এই লক্ষ্য বাস্তবায়নে দক্ষ ও প্রশিক্ষিত ইউনিট লিডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, নিয়মিত রিফ্রেশার্স প্রশিক্ষণের মাধ্যমে ইউনিট লিডাররা নিজেদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ পান। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউট কার্যক্রম আরও পরিকল্পিত, কার্যকর ও গতিশীল হয়ে ওঠে।
দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম, ইউনিট পরিচালনা, নেতৃত্ব ও ব্যবস্থাপনা, প্রশিক্ষণ পদ্ধতি এবং আধুনিক স্কাউটিং কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া ইউনিট লিডারদের জন্য এটি ছিল অভিজ্ঞতা বিনিময় ও নিজেদের কার্যক্রমকে নতুনভাবে পর্যালোচনারও একটি সুযোগ।
একইসঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও নিয়মিত করার সম্ভাবনাও তৈরি হয়।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কোর্স লিডার মুজিবুর রহমান ফারুকী এলটি, প্রশিক্ষক প্রবীর কান্তি মজুমদার এএলটি, প্রশিক্ষক প্রজীব কুমার বড়ুয়া এবং প্রশিক্ষক এস. এম. গোলাম মোস্তফা।
আয়োজকরা জানান, এ ধরনের রিফ্রেশার্স কোর্সের মাধ্যমে ইউনিট লিডারদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী, নিয়মিত ও কার্যকর করতে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
