চট্টগ্রামের বোয়ালখালীতে রাইসা আনঞ্জুম রামিসা (১৬) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছমত মিয়া মেম্বার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রামিসা শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী মিয়া বাপের বাড়ির প্রবাসী মো. জামাল উদ্দিনের মেয়ে। পূর্ব শাকপুরায় এক বৃদ্ধ নানির সঙ্গে থাকত সে।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল তিনটার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে রামিসা। এরপর বিকেলে ঘরে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাকে নামানোর পর খবর দেওয়া হয় পুলিশকে।
পরে পুলিশ রামিসার মরদেহ উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
