চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ৯নম্বর ওয়ার্ডের সড়াইয়া নতুন পাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
৮অক্টোবর দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ।
অভিযানকালে চুনতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মনজুরুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, উপজেলার পুটিবিলা সড়াইয়া নতুন পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিলো প্রভাবশালী বালু খেকোরা। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৬০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। সেখানে লাল পতাকা টাঙানো হয়েছে। অফিসে এসেই তাৎক্ষণিক নিলামের জন্য নোটিশ প্রদান করেছি। এখনও বোর্ডে লাগানো আছে। তিনি আরও বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং বালু উত্তোলনকারীর সাথে জনপ্রতিনিধি কিংবা যত বড়ই প্রভাবশালী জড়িত থাকুক না কেন তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
