প্রেমের সম্পর্কের টান এবং বিয়ের প্রতিশ্রুতিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বান্দরবান থেকে এনে চট্টগ্রামে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার আবাসিক হোটেল হেরিটেজে ঘটনাটি ঘটে। রোববার (১১ অক্টোবর) বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত যুবক লোকমানকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা পুলিশ।
সূত্র বলছে,লোকমানের সঙ্গে কিশোরীর দীর্ঘদীনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি এবং প্রলোভন দেখিয়ে গত ২ অক্টোবর কিশোরীকে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে আসে অভিযুক্ত লোকমান।
পরর্বতীতে রাত হয়ে যাওয়ায় পরদিন বিয়ের কথা বলে তিনি কিশোরীকে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার ‘হোটেল হেরিটেজ’-এ নিয়ে ওঠেন।
তদন্তের তথ্য অনুসারে, হোটেলটির দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন লোকমান।
ঘটনার পরদিন (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগীকে নগরের মুরাদপুর এলাকায় নামিয়ে দিয়ে নিজের মুঠোফোন বন্ধ করে দ্রুত আত্মগোপনে চলে যান তিনি।
পরবর্তীতে ভুক্তভোগী কিশোরী বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে অবগত করেন। পরে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে কিশোরীর পরিবার।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে রোববার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত লোকমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে উপস্থিত করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
