চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক কলহের জেরে তানিয়া কামাল নিহাত (২০) নামের এক নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে স্বামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পটিয়া থানা-পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার দুজন হলেন-নিহতের স্বামী মো. নুরু উদ্দিন (২৩) এবং তার বোন (ননদ) জোৎস্না আক্তার (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই এলাকার মোনাফ হাজীর পাড়ায় স্বামীর বসতঘরের শয়নকক্ষে তানিয়া কামাল নিহাতকে শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা এজাহারে স্বামী মো. নুরু উদ্দিন, ননদ জোৎস্না আক্তার, ননদের স্বামী মো. খোকনসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার পরপরই সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্বামী নুরু উদ্দিন ও ননদ জোৎস্না আক্তারকে গ্রেফতার করে।
পটিয়া থানা জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়ার পর থানায় ৩০২/৩৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতার দুজনকে আদালতে হাজির করা হলে স্বামী নুরু উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
