চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) রাতে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম বাদশা রাউজান উপজেলার ২ নম্বর ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুনপাড়া এলাকার মিয়া মেম্বারের বাড়ির মৃত রাজা মিয়ার ছেলে।
রবিবার (১ নভেম্বর) দুপুর দেড়টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ছত্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিম বাদশাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘Made In USA’ লেখা রয়েছে। এ সময় পিস্তলের সঙ্গে সংযুক্ত পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এসআই মোহাম্মদ আমিন বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ১৮, তারিখ ৩১ অক্টোবর ২০২৬।
অস্ত্র আইনের ১৯এ/১৯এফ ধারায় দায়ের করা এ মামলায় গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
