চট্টগ্রাম নগরের হাজীপাড়া ও আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পোড়া তেলে খাবার প্রক্রিয়াজাতকরণ এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) এসব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আতুরার ডিপো এলাকার ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট সংরক্ষণের প্রমাণ পান অভিযান পরিচালনাকারীরা।
অন্যদিকে, পাছাজিও ফুডস (ড্রিপ্স) নামের প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় ৩ লাখ টাকা। সেখানে পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চলছিল খাদ্যপণ্য প্রস্তুত ও প্যাকেজিংয়ের কাজ।
অভিযানকালে খাদ্য তৈরির স্থানে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ দেখতে পান কর্মকর্তারা। মিষ্টি তৈরির কাঁচামালে পাওয়া যায় ইঁদুরের বিষ্ঠা ও চুল।
এ ছাড়া যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদন এবং নকল চেরি ফল ব্যবহারের প্রমাণও মেলে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এসব অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
খাদ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং প্যাকেজিংয়ের নিয়ম যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।
