চট্টগ্রামে দুই হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৯:২১

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় আবু ইউসুফ প্রকাশ জীবনের হত্যাকাণ্ডের প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েল ও তাঁর সহযোগী আরমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

একই সঙ্গে চুরির অভিযোগে মোহাম্মদ হাসানকে পিটিয়ে হত্যার মামলার আসামি আলম পাইককেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে নগরের বহদ্দারহাটে র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় আবু ইউসুফ প্রকাশ জীবনকে লাঠি ও ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন আসামিরা।

এতে তাঁর ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর জখম হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জীবনের মা বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, এ মামলার আসামি আরমানকে ১ নভেম্বর রাতে কুমিল্লার কোতোয়ালী থানার ঠাকুরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দিবাগত রাতে ঢাকার ভাটারা এলাকা থেকে মামলার প্রধান আসামি জিল্লুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, চুরির অভিযোগে মোহাম্মদ হাসানকে পিটিয়ে হত্যার মামলার আসামি আলম পাইককে সোমবার দুপুরে নগরের চান্দগাঁও থানার আরাকান সড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।