চন্দনাইশে গরিবের ল্যাট্রিন লুট! ঠিকাদারের যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৪:৪৮

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮ নম্বর হাশিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ করা স্যানিটারি ল্যাট্রিন বিতরণ ও স্থাপন কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে।

প্রতিটি ল্যাট্রিনের মূল্য ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হলেও প্রকৃত সুবিধাভোগীদের অনেকে ল্যাট্রিন পাননি। আবার কাউকে কাউকে দেওয়া হয়েছে আংশিক সরঞ্জাম।

এ নিয়ে অর্থ আত্মসাৎ, সুবিধাভোগীদের তালিকায় জালিয়াতি ও নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী।

বিশেষ সূত্রে জানা যায়, সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প’-এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

প্রকল্পের অধীনে চন্দনাইশের প্রতিটি ইউনিয়নে ২৫০টি করে স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দ দেওয়া হয়েছিল। যার প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৫ হাজার টাকা।

এ ঘটনায় হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলহাজ মো. গোলাম নবী চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত ও সাধারণ এলাকাবাসীর পক্ষ থেকে গত ২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেয়।

অভিযোগে প্রকল্পের দায়িত্বে থাকা চন্দনাইশ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ ও ঠিকাদার আব্দুল্লাহ আল ফাহিমের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে সুবিধাভোগীদের তালিকা জমা দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হাশিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ২০টি ল্যাট্রিন বরাদ্দ থাকলেও বিতরণ করা হয়েছে মাত্র ১১টি।

সেগুলোর সরঞ্জামও নিম্নমানের বলে অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। বাকি ৯টি ল্যাট্রিন প্রকৃত হতদরিদ্রদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ছাড়া বরাদ্দ করা ল্যাট্রিনের রিং-স্ল্যাব সুবিধাভোগীদের না দিয়ে বিক্রি করে দেওয়া কিংবা নামমাত্র কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রকৃত হতদরিদ্র পরিবারগুলো বারবার যোগাযোগ করেও ল্যাট্রিন পায়নি।

ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও একই ধরনের অনিয়ম ও নিম্নমানের সামগ্রী সরবরাহের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

অভিযোগের সঙ্গে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের নাম, ঠিকানা ও স্বাক্ষরসংবলিত একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন-নূরুল আলম, মোহাম্মদ ইসলাম মিয়া, মোহাম্মদ আমীর হোসেন, ইউসুফ মিয়া, আব্দুল গফুর, জুনু মিয়া, আবদুছ ছবুর, মো. আবুল হোসেন, মোছনা খাতুন, আবুল কালাম, সাজিয়া বেগম, মীর কাশেম, মো. বোরহান উদ্দিন, ছকিনা বেগম, কৃষ্ণ ধর, কাজী মোহাম্মদ সাইফুল, ভুট্টা দে, মো. জসীম উদ্দিন, জোসনা দে ও ছায়েরা বেগম।

খুনিয়া পাড়ার নুরুল আলম বলেন, তাকে ১০টি রিং, ৫টি টিন ও ৪টি পিলার দেওয়া হয়েছে। কিন্তু ল্যাট্রিন স্থাপন করে দেওয়া হয়নি। পরে টিনগুলো ঘরের কাজে ব্যবহার করেছেন, রিংগুলো মাটিতে পুঁতে রেখেছেন এবং পিলারগুলো পুকুরপাড়ে ফেলে রেখেছেন।

তিনি বলেন, ল্যাট্রিন স্থাপনের জন্য ৬০০ টাকা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় কাজ করে দেওয়া হয়নি। পরে বারবার খোঁজাখুঁজি করে নিজেই সরঞ্জাম নিয়ে আসেন। তার দাবি, প্রতিটি ওয়ার্ডেই মাত্র কয়েকজনের ল্যাট্রিন স্থাপন করে দেওয়া হয়েছে।

কুনিয়া পাড়ার জুনু মিয়া বলেন, তার বাড়িতে চারটি পিলার স্থাপন করে দেওয়া হয়েছে। তবে রিংগুলো তৈরি করে বাইরে ফেলে রেখে চলে গেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ১০টি রিং দেওয়া হলেও সেগুলো স্থাপন করা হয়নি।

একই এলাকার আবদুর ছফুর বলেন, তাকে কোনো সরঞ্জামই দেওয়া হয়নি। দেওয়া হবে বলে চার-পাঁচ দিন অপেক্ষায় রাখা হয়েছিল। এ সময় কাজ করতে না পারায় খাবার জোগাড়ের জন্য ঋণ করতে হয়েছে।

ঠিকাদারের বাড়িতে সরঞ্জাম তৈরি হচ্ছে জানিয়ে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু কাজের মেয়াদ শেষ হয়ে বিল পরিশোধের পর তাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সরকারি বরাদ্দের সামগ্রী পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিরোধে জড়াতে চাননি বলেও জানান তিনি।

উত্তর হাশিমপুরের সাজিয়া বেগম বলেন, তিনি কোনো ল্যাট্রিন পাননি। চাঁদ পাড়ার মীর কাশেমও ল্যাট্রিন না পাওয়ার কথা জানান।

উত্তর হাশিমপুরের কাজী মোহাম্মদ সাইফুল অভিযোগ করেন, তার কাছ থেকে ওটিপি কোড নেওয়া হয়েছে, কিন্তু ল্যাট্রিন দেওয়া হয়নি। এ বিষয়ে ফোন করলেও সংশ্লিষ্ট ব্যক্তি ফোন রিসিভ করেন না।

মহেন্দ্র বাড়ির ভুট্টা দে বলেন, তাকে কোনো ল্যাট্রিন দেওয়া হয়নি এবং এ বিষয়ে কোনো কাজও করা হয়নি। বারিপাড়ার জোসনা দে-ও ল্যাট্রিন না পাওয়ার কথা জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ঠিকাদার আব্দুল্লাহ আল ফাহিম বলেন, কাজটি প্রায় তিন বছর আগের, ২০২৩-২৪ অর্থবছরের ওয়ার্ক অর্ডারের আওতাভুক্ত ছিল।

ঢাকা থেকে আসা অডিট দল সরেজমিনে প্রতিটি ল্যাট্রিন পরিদর্শন করে সার্ভারে তথ্য আপলোড করেছে। যেসব বাড়িতে পাকা ঘর রয়েছে, সেখানে ল্যাট্রিন স্থাপন না করার নির্দেশনা ছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্পটির টেন্ডার হয়েছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাসীন দলের লোকজন তার কাছ থেকে কাজ নিয়ে নিজেরাই বণ্টন করেছেন। তার দাবি, ২০-৩০টি ল্যাট্রিন এলডিপির লোকজন নিয়ে গেছেন। এসব কাজের বিলও তিনি পাননি।

ফাহিম আরও বলেন, হাশিমপুর ইউনিয়নের জন্য মোট ২২৯টি ল্যাট্রিন বরাদ্দ ছিল। সব ধরনের কর্তন শেষে প্রতিটির বিপরীতে তিনি ২৫ হাজার টাকা করে পেয়েছেন। হাশিমপুর ও সাতবাড়িয়া-দুই ইউনিয়নে মোট ৪৫৮টি ল্যাট্রিনের কাজ করেছেন। তার দাবি, অনেকে গোসলখানা নির্মাণের জন্য ল্যাট্রিনের সরঞ্জাম নিয়ে নিজেরাই স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, তিনি হাশিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। আগামী নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা থাকায় প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

অভিযোগের বিষয়ে উপসহকারী প্রকৌশলী মো: ফরহাদ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, অফিসের কাজে বাঁশখালীতে ব্যস্ত রয়েছেন। এ বিষয়ে সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

চন্দনাইশ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবীর বড়ুয়া বলেন, এ ধরনের একটি অভিযোগ তারা পেয়েছেন।

বিষয়টি নিয়ে দুই পক্ষকে কার্যালয়ে আসতে বলা হয়েছিল। তবে কেউ সময় দেননি। অভিযোগের বিষয়ে ঠিকাদার কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও বলেন, কাজটি দুই বছর আগের হওয়ায় এখন সরেজমিনে গেলে বিভিন্ন জায়গায় অভিযোগ পাওয়া যেতে পারে। তাই বিষয়টি যাচাই করে দেখতে হবে।

সরকারের হতদরিদ্রবান্ধব এ প্রকল্পের বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীরা দ্রুত সরেজমিন তদন্ত, বরাদ্দ ও সুবিধাভোগীদের তালিকা যাচাই এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পাশাপাশি প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে বরাদ্দ করা ল্যাট্রিনের সরঞ্জাম যথাযথভাবে বিতরণ ও স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।