তালা ঝুলেছে তরুণদের স্বপ্নে, অলস পড়ে আছে কালুরঘাটের হাই-টেক ভবন

অব্যবহৃত ৫০ কোটির আইটি সেন্টারের গল্প

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫৮

চট্টগ্রামের তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

পরিকল্পনা ছিল, এখানে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং গড়ে উঠবে নতুন নতুন আইটি প্রতিষ্ঠান।

কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও রাজনৈতিক পটপরিবর্তনের নানা মারপ্যাঁচে আলোর মুখ দেখেনি এই মেগা প্রকল্প।

নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকার প্রবেশমুখে বিএফআইডিসি সড়কের পাশে ছয়তলা বিশিষ্ট এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে।

ভবনটিতে রয়েছে আধুনিক প্রশিক্ষণ ল্যাব, স্টার্টআপ পরিচালনার সুযোগ, ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) রুম, ইনকিউবেশন স্পেসসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা।

অথচ এসব সুযোগ কাজে না লাগায় প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়ন নিয়েই প্রশ্ন তুলেছে স্থানীয় সচেতন মহল।

প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অন্তত দুই হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে দীর্ঘ সময়েও প্রশিক্ষণ কার্যক্রম শুরু না হওয়ায় সেই লক্ষ্য এখনো অধরা রয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর ভবনটির নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী ২০২১ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়ে ২০২৪ সালের জুনে নির্মাণকাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ রমজান জানান, অনেক আগেই কাজ সম্পন্ন করে ভবনটি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তবে নির্মাণ শেষ হওয়ার পরও প্রশাসনিক জটিলতার কারণে কার্যক্রম চালুর প্রক্রিয়া থমকে যায়।

বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের সময়ে চালুর উদ্যোগ বড় ধরনের বাধার মুখে পড়ে।

ভবনটি চালু না হওয়ার বিষয়ে প্রকল্পের বর্তমান পরিচালক ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এস এম ফরিদ উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো বক্তব্য দিতে চাননি।

এ বিষয়ে কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান জানান, চার মাস আগে তিনি দায়িত্ব নিয়েছেন। তাঁর ভাষ্য, সরকারি অর্থে নির্মিত ভবন দীর্ঘদিন ফেলে রাখার কোনো সুযোগ নেই। গত মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে স্থাপনাটি পুরোপুরি বুঝে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্থান বরাদ্দের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বেশ কয়েকটি আবেদনও জমা পড়েছে। চলতি মাসের মধ্যেই বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কেন্দ্রটি চালুর জোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নীল কাচ ও রুপালি প্যানেলে সাজানো ছয়তলা ভবনটির বাইরের নির্মাণকাজ পুরোপুরি সম্পন্ন। দূর থেকে এটি একটি দৃষ্টিনন্দন আধুনিক স্থাপনার চেহারা তুলে ধরে।

প্রবেশপথে রয়েছে স্টিলের ফটক, সীমানাপ্রাচীর ও নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা। কিন্তু ভেতরে মানুষের কোনো চলাচল নেই। ভবনের সামনের খোলা জায়গা ও দেয়ালের পাশে জন্মেছে আগাছা এবং বুনো ঝোপঝাড়।

প্রায় ৩৫ হাজার ৫০০ বর্গফুট আয়তনের এই ভবনে প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ও বিজনেস ফ্লোর, প্রস্তুত অফিসকক্ষ, আধুনিক প্রশিক্ষণ ল্যাব, সার্ভার রুম, ইনকিউবেশন স্পেস এবং ভিআর রুম রাখা হয়েছে।

পাশাপাশি রয়েছে জিমনেশিয়াম ও রিডিং কর্নার। অবকাঠামোগত সুবিধার মধ্যে রয়েছে ৩২০ টনের কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, দুটি লিফট, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ৫০০ কেভিএ সাবস্টেশন এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম।

দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এসব মূল্যবান স্থাপনা ও যন্ত্রপাতির কার্যকর ব্যবহার অনিশ্চিত হয়ে পড়েছে।

চট্টগ্রামের তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তাদের মতে, একটি ইনকিউবেশন সেন্টার কেবল প্রশিক্ষণের জায়গা নয়; নতুন ব্যবসায়িক ধারণাকে বাস্তব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

এখানে উদ্যোক্তারা প্রযুক্তিপণ্য তৈরি, বাজারজাতকরণ, বিনিয়োগ সংগ্রহ এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ পান।

রিয়্যাল আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন বলেন, ইনকিউবেশন সেন্টার নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম ভিত্তি। একটি পণ্য তৈরি থেকে শুরু করে বাজারে বিক্রি পর্যন্ত প্রয়োজনীয় যোগাযোগ ও বিনিয়োগের সুযোগ এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি হয়।

সেন্টারটি চালু না হলে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এর বিরূপ প্রভাব পড়বে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রেও।

জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে ২০১৯ সালের ১১ মার্চ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আওতায় চসিকের মালিকানাধীন ১১ দশমিক ৫৫১ একর জমিতে পূর্ণাঙ্গ হাই-টেক পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

এর অংশ হিসেবে ইনকিউবেশন সেন্টার নির্মাণের জন্য ১ দশমিক ৭১ একর জমি হাই-টেক পার্ক কর্তৃপক্ষকে দেওয়া হয়।

সমঝোতা অনুযায়ী, পার্ক নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। অন্যদিকে, নির্মাণের পর প্রথম ৩০ বছর স্থাপনাগুলো থেকে অর্জিত আয়ের ৫০ শতাংশ পাবে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাকি ৫০ শতাংশ পাবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।