নম্বরপত্রে ঘষামাজা করে চাকরি: রেলের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১৫:২১

বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে এক প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলার অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া।

আদালত পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। অপর আসামি সরোয়ার হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাঁদের সাজা দিয়েছেন।

রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তবে সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। ওই পদে ১০৯ জন আবেদন করেন।

যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন ৭০ জন। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। উত্তরপত্র মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হন।

অভিযোগ অনুযায়ী, পরীক্ষকদের দেওয়া মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই একটি ভুয়া নম্বরপত্র তৈরি করেন। পাশাপাশি মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে কয়েকজন প্রার্থীর প্রাপ্ত নম্বর পরিবর্তন করা হয়।

দুদকের তদন্তে উঠে আসে, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল পেয়েছিলেন ৪৬ নম্বর। কিন্তু নম্বরপত্রে ঘষামাজা করে তাঁর নম্বর কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে, চাকরি পাওয়া প্রার্থী মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত ৩১ দশমিক ৫ নম্বর বাড়িয়ে করা হয় ৩৭ দশমিক ৫।

এতে মৌখিক পরীক্ষাসহ মোট নম্বরে এগিয়ে যান সরোয়ার হোসেন। পরে তাঁকে নিয়োগের সুপারিশ করা হলে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা তাতে অনুমোদন দেন।

এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এরপর ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।