back to top

এনায়েত বাজারে ৩ কারখানায় কুড়া-ভুষি মিশিয়ে তৈরি হয় ফুচকা, অভিযানে ধরা

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১১:১২

চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে তিনটি কারখানাকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) নগরের গোয়ালপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযান চলাকালে দেখা যায়, ভাঙাচোরা ও অপরিচ্ছন্ন ফ্লোরের ওপর অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি করা হচ্ছে।

নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুষি মিশিয়ে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ অপরাধে সাহেদ ফুচকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুচকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক সূত্র জানায়, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।