back to top

খালে ভাসমান মরদেহ ঘিরে রহস্য, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ১৪:১৫

চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রীমতি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভাটিখাইন ইউনিয়নের টেকেরপাড়া এলাকায় খালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর মরদেহ খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।

তবে নিহতের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকেরপাড়া এলাকার ঠেগরপুনি মন্দিরের পেছনে শ্রীমতি খালে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।

পরে বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোনো স্থানে হত্যা করে খালে ফেলে দেওয়া হতে পারে।

পরবর্তীতে জোয়ারের পানির স্রোতে মরদেহটি ভেসে এসে ভাটিখাইনের শ্রীমতি খালে পৌঁছায়।

তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।