চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে এক রাতে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মাদকাসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়া এক যুবককে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকের অর্থ জোগাড় করতে তিনি চুরি করতেন এবং পরিবারের সদস্যদের মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁর মা বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
আরও পড়ুন
গত রোববার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মো. শহীদুল্লাহ (৩৮)। প্রশাসন জানায়, মাদকের নেশায় জড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
পরিবারের সদস্যদের ওপর নির্যাতন এবং চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে তাঁর মা অভিযোগ দায়ের করলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত ৯ মাসের কারাদণ্ড দেন।
এ ছাড়া একই অভিযানে মাদক সেবনের দায়ে আরও দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাঁরা হলেন উপজেলার পালেগ্রাম এলাকা থেকে মদ্যপ অবস্থায় আটক কাভার্ড ভ্যানচালক মো. মাঈনুদ্দীন (২৯) এবং হইট্টলতলা-জঙ্গল পৈরাং এলাকার জামাল হোসেন (৪২)।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “মাদকবিরোধী অভিযানে এক রাতে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। মাদকসংক্রান্ত কোনো অভিযোগ পেলেই দ্রুত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

