back to top

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্র হান্নানের

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১৩:০৭

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আব্দুল হান্নান শাহ্ ওই এলাকার আব্দুল গফ্ফার শাহ’র ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটার কাজ করছিলেন হান্নান।

এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার পর রোগীর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়।

কিন্তু এর আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশীরাও এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।