back to top

সাগরিকা রোড এলাকায় চসিকের অভিযান, উচ্ছেদ প্রায় ২০০ অবৈধ দোকান

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৪:৩২

চট্টগ্রাম নগরের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জুন) নগরের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে সাগরিকা রোডের বিটাক বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা যায়, অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়।

একই সঙ্গে পথচারী ও যানবাহনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়েছে।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), পাহাড়তলী থানা এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেন।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং নগরের শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।