জনগণের হারানো সম্পদ উদ্ধার ও জনসেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, তথ্যভিত্তিক গোয়েন্দা কার্যক্রম এবং মাঠপর্যায়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধারে নজির স্থাপন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবার মানোন্নয়নে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।
তাঁর দিকনির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব পায় হারানো মোবাইল ফোন উদ্ধারের কার্যক্রম, যা সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়েরকৃত মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) গভীরভাবে পর্যালোচনা করে জেলা ডিবি।
পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি নির্ভর অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে সফলভাবে উদ্ধার করা হয় মোট ১০১টি মোবাইল ফোন।
উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ আজ চট্টগ্রামের নাসিরাবাদস্থ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মো. মাসুদ আলম উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
মোবাইল ফিরে পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁদের মতে, এমন উদ্যোগ পুলিশের প্রতি জনআস্থা আরও সুদৃঢ় করে এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ককে আস্থার নতুন উচ্চতায় নিয়ে যায়।
চট্টগ্রাম জেলা পুলিশ মনে করে, জনগণের আস্থা অর্জনই আধুনিক পুলিশিংয়ের মূল ভিত্তি।
সেই লক্ষ্যকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।

