সিএমপিতে ধারাবাহিক বদলি, ফের তিন থানায় এলো নতুন নেতৃত্ব

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১০:৪৮

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আবারও তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করেছে।

বুধবার (১৭ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়।

সিএমপির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে কৌশলগত কারণে আদেশটি এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। যদিও আদেশের একটি কপি প্রতিবেদকের হাতে এসেছে।

আদেশ অনুযায়ী, কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিনকে লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।

তাঁর স্থলে লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মাত্র তিন দিন আগে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়া কাজী মাসুদ ইবনে আনোয়ারকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে।

তাঁর পরিবর্তে কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মো. ইখতিয়ার উদ্দিনকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সদরঘাট থানার ওসি কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে ডিবি বন্দরে বদলি করা হয়েছে।

তাঁর স্থলে সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক মোহাম্মদ শরীফকে সদরঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া লাইনওয়ারের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদকে ডিবি উত্তরে এবং পরিদর্শক নুর আহমদকে কাউন্টার টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত সোমবার (১৫ জুন) সিএমপির পাঁচ থানার ওসি পদে রদবদল করা হয়।

ওই আদেশে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি এবং সিটিটিসির পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

সেই আদেশে ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খানকে সিটিটিসিতে এবং খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে একই ইউনিটে সংযুক্ত করা হয়।

সিটিটিসির পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া চকবাজার থানার ওসি বাবুল আজাদকে ডিবি দক্ষিণে বদলি করা হয়।

চাঁন্দগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানায় এবং ডিবি দক্ষিণের পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁন্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সিএমপি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদায়ন ও রদবদল করা হয়েছে।