২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেল ব্রাজিল। ফিলাডেলফিয়ায় শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করেছে সেলেকাওরা।
মাথেউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলেই সহজ জয় নিশ্চিত হয় কার্লো আনচেলত্তির দলের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল।
সেই চাপের ফল আসে ২৩তম মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড ফিরিয়ে দিলেও, ডিফেন্ডার হানেস ডেলক্রোয়ার ক্লিয়ার করার চেষ্টা গিয়ে লাগে মাথেউস কুনহার গায়ে।
সেখান থেকেই বল গোললাইন অতিক্রম করলে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৩৬তম মিনিটে ভিনিসিয়ুসের অসাধারণ থ্রু-বল ধরে ডি-বক্সের কোণাকুণি শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন কুনহা।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও আলো ছড়ান ভিনিসিয়ুস জুনিয়র।
লুকাস পাকেতার দূরপাল্লার নিখুঁত পাস নিয়ন্ত্রণে এনে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা। এর মধ্য দিয়েই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
বিরতির পর ব্রাজিল কিছুটা ধীরগতিতে খেললেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি তাদের হাতেই। অন্যদিকে হাইতি আক্রমণে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি।
ফলে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্য কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি।
শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম তিন পয়েন্টের দেখা পেল আনচেলত্তির শিষ্যরা এবং গ্রুপের সমীকরণেও ফিরল নতুন মাত্রা।
দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো। ফলে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ব্রাজিলের পেছনে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো।
৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড। আর টানা দুই ম্যাচ হেরে কোনো পয়েন্ট না পাওয়া হাইতি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নকআউট পর্বের দৌড় থেকে ছিটকে গেল।
প্রথমার্ধের ঝড়ো পারফরম্যান্সে ব্রাজিল জানিয়ে দিল, বিশ্বকাপের মঞ্চে তাদের অবমূল্যায়ন করার সুযোগ নেই। আর হাইতির জন্য এই হার হয়ে থাকল স্বপ্নভঙ্গের এক হতাশার অধ্যায়।

